যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে আইসিডিডিআরবিতে ব্যাপক চাকরিচ্যুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 31 January, 2025, 2:48 pm
যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে আইসিডিডিআরবিতে ব্যাপক চাকরিচ্যুতি

আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সংস্থাটি এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। এই কর্মকর্তারা ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করতেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, অধিকাংশই চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন, এবং তাদের চাকরি হারানোর ফলে বড় ধরনের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির কার্যক্রমে।

এছাড়া, সবচেয়ে বেশি চাকরিচ্যুত হয়েছেন যক্ষ্মা সংক্রান্ত প্রকল্পের কর্মীরা, যারা সরকারের জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কাজ করতেন। ২৫ জানুয়ারি, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ইউএসএআইডি তাদের চিঠি দিয়ে এনজিও বা তাদের অংশীদার প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ বা স্থগিত করতে বলেছে। চিঠিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ এর উল্লেখ করা হয়, যার মাধ্যমে বিদ্যমান বৈদেশিক সহায়তা স্থগিত ও নতুন সহায়তা বন্ধ করা হয়েছে। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিসরের জন্য সামরিক সহায়তা নির্বাহী আদেশের বাইরে রাখা হয়েছে।

ইউএসএআইডি, আইসিডিডিআরবি এর বার্ষিক বরাদ্দের ২০ শতাংশের বেশি অর্থায়ন করে থাকে, ফলে এই সহায়তার বন্ধ হয়ে যাওয়ার প্রভাব সরাসরি গবেষণা কার্যক্রমে পড়েছে। বর্তমানে, আইসিডিডিআরবিতে প্রায় ৫ হাজারের বেশি গবেষক, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন।