‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Sunday, 2 February, 2025, 8:30 pm
‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ‘ফুলকপি’ প্রতীকে নিবন্ধন পেয়েছে নির্বাচন কমিশন (ইসি) থেকে। রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) ১২ ডিসেম্বরের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন বিডিপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। দলটির প্রতীক হিসেবে ‘ফুলকপি’ সংরক্ষণ করা হয়েছে। নিবন্ধন নম্বর ৫৪।

এটি নিয়ে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৯টি। এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়া হয়েছিল। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু হয়। মোট ৫৩টি দল নিবন্ধন পেয়েছিল, কিন্তু পরে শর্ত পূরণ না করার কারণে এবং আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা- এই পাঁচটি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি।