সংস্কার কমিশনের প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 February, 2025, 3:56 pm
সংস্কার কমিশনের প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি প্রকাশ, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন খাতের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৮ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয়টি কমিশন প্রধানের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “আজকের বৈঠকে কিছু সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করছি ৮ই ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে।” একই দিনে ছয় কমিশনের প্রধানরা আশু করণীয় এবং সংস্কারের জন্য মধ্যমেয়াদে বা দীর্ঘমেয়াদে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে সর্বসম্মতভাবে সুপারিশনামা পেশ করবেন।

তিনি জানান, সুপারিশনামা এবং সংস্কার রিপোর্ট রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে। ওই সভায় সভাপতিত্ব করবেন ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।