সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১,৩০৮ জন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 February, 2025, 3:57 pm
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১,৩০৮ জন গ্রেপ্তার

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুরু হওয়া যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত রাজধানীসহ সারা দেশে এই অভিযান পরিচালিত হয়।

রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জামিনে মুক্ত অপরাধীদের দিকেও সরকারের বিশেষ নজর রয়েছে।

সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে অভিযান চলবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে, অপারেশন ততদিন চলবে।”

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয়। শনিবার রাত থেকে যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল জোরদার করা হয়।