সৌদি আরবে ২০২৫ সালের হজে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 9 February, 2025, 5:36 pm
সৌদি আরবে ২০২৫ সালের হজে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

২০২৫ সালের হজ মৌসুমে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তাদের, যারা এর আগে হজ করেননি। হজ নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে, যা ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে।

হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের প্রস্তুতি নিয়ে গুরুত্ব দিচ্ছে, যেখানে হজ প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিতকরণ ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।