দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন শুরু সোমবার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 16 February, 2025, 12:58 pm
দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন শুরু সোমবার

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৫তম সীমান্ত সম্মেলন।

বাংলাদেশ থেকে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবেন। প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

আলোচ্য বিষয়

বিজিবির জনসংযোগ কর্মকর্তা (মিডিয়া) মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে—

  • সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো, সীমান্ত হত্যা, আহত, আটক ও অপহরণ রোধ
  • ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান প্রতিরোধ
  • আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ রোধ, বিশেষ করে ভারত সীমান্ত দিয়ে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রবেশ ঠেকানো
  • সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ
  • আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি শোধনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ
  • জকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের সংযোগ উন্মুক্ত করা
  • আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্পের সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য বিনিময়
  • সীমান্ত ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের জন্য ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’ বাস্তবায়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ

চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ২০ ফেব্রুয়ারি। সমাপ্তির পর একই দিনে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।