তানভীর ইমামের বাসায় বিপ্লবী ছাত্র-জনতার তল্লাশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 4 March, 2025, 10:54 pm
তানভীর ইমামের বাসায় বিপ্লবী ছাত্র-জনতার তল্লাশি

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের গুলশান-২ এর বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ১২টার দিকে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িতে তারা অভিযান শুরু করে।

ছাত্র-জনতা দাবি করেছে, ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র, মাদক এবং জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে আছেন—এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে। খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে রাত ১টা পর্যন্ত কাউকে আটক বা কোনো অর্থ জব্দের তথ্য পাওয়া যায়নি।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক রাজিব সরদার বলেন, “আমাদের কাছে নিশ্চিত তথ্য আছে যে এই বাসায় লুকিয়ে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। সেনাবাহিনী দোতলায় তল্লাশি চালালে আসামিদের পাওয়া যাবে।”

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।