পিসিবির জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার আমের জামাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 March, 2025, 2:11 pm
পিসিবির জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার আমের জামাল

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আচরণবিধি লঙ্ঘনের কারণে অলরাউন্ডার আমের জামালকে প্রায় ১৩ লাখ রুপি জরিমানা করেছে। জামাল ছাড়াও আরও সাত ক্রিকেটারকে বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে।

জামাল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় একটি হ্যাট পরেছিলেন, যার উপর ‘৮০৪’ লেখা ছিল। এই সংখ্যাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কয়েদি নম্বর হিসেবে পরিচিত। বর্তমানে ইমরান খান বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন এবং তার সমর্থকেরা এই কয়েদি নম্বর ব্যবহার করে আসছেন। জামাল এই হ্যাটটি পরিধান করে মাঠে ক্যামেরার সামনে কথা বলেছিলেন, যা পিসিবি কর্তৃক ‘নিরপেক্ষতা নীতি’ লঙ্ঘন হিসেবে গণ্য করা হয়।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, জামালের পরিহিত হ্যাটটির উপর ‘৮০৪’ লেখা ছিল, যা সরাসরি ইমরান খানের সঙ্গে সম্পর্কিত। ইমরান খানের কারাবাস শুরু হয় ২০২৩ সালের মে মাসে, এবং জানুয়ারিতে দুর্নীতির মামলায় তার ১৪ বছরের সাজা হয়েছে।

এই ঘটনার পাশাপাশি, পিসিবি আরও সাত ক্রিকেটারকে জরিমানা করেছে। তাদের মধ্যে তিনজনকে অস্ট্রেলিয়ার সফরে টিম হোটেলে দেরিতে ফেরার কারণে ৫০ হাজার রুপি করে জরিমানা করা হয়েছে। এছাড়া সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদি দক্ষিণ আফ্রিকা সফরের সময় অনিয়মের কারণে জরিমানা হয়েছেন।

পিসিবি জানিয়েছে, এসব আচরণবিধি লঙ্ঘন ও জরিমানা বিষয়টি বোর্ডের অভ্যন্তরীণ বিষয় এবং এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না, তবে ক্রিকেটারদের সম্মানহানির কথা চিন্তা করে এসব খবর সামনে এসেছে। এই ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন পাকিস্তান ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার কারণে সমালোচনার সম্মুখীন।