আইন-শৃঙ্খলা নিশ্চিত না করে উন্নয়ন সম্ভব নয়: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 17 March, 2025, 2:14 pm
আইন-শৃঙ্খলা নিশ্চিত না করে উন্নয়ন সম্ভব নয়: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

পুলিশকে পাশ কাটিয়ে বা অবহেলা করে কোনো দেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পুলিশই সম্মুখসারির মানুষ, যারা আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে উন্নয়নের পরিবেশ তৈরি করে। আইন ও শৃঙ্খলা ছাড়া যত বড় চিন্তাই করা হোক বা যত অর্থই বিনিয়োগ করা হোক, তা কোনো কাজে আসবে না।

সোমবার (১৭ মার্চ) তেজগাঁও কার্যালয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি এসব কথা বলেন। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বিদ্যমান আইন মেনে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। সরকার যেভাবেই কাজ করুক না কেন, শেষ পর্যন্ত তা বাস্তবায়নের দায়িত্ব পুলিশের হাতেই থাকে। তারা শুধু আইন প্রয়োগ করে না, বরং সুষ্ঠু পরিবেশ তৈরি করে, যা না থাকলে কোনো উদ্যোগই সফল হতে পারে না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হলে রাষ্ট্র, গণতন্ত্র, নাগরিক অধিকার—কোনো কিছুই টিকে থাকবে না। তাই পুলিশকে উপেক্ষা করে উন্নয়নের কথা চিন্তা করা অবাস্তব। আইনশৃঙ্খলা বজায় থাকলে তবেই দেশ গঠনের অন্যান্য কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি পুলিশ সুপারদের কাজের সঠিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন, যাতে মাঠপর্যায়ে প্রতিযোগিতা আরও কার্যকর হয়। জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ যেন নষ্ট না হয়। বর্তমান সরকার ও ভবিষ্যতের সরকারগুলোর উচিত এই পথ তৈরি করে দেওয়া, যাতে দেশ সম্ভাবনার বাস্তব রূপ পায়।

বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে বর্ণনা করে অধ্যাপক ইউনূস বলেন, এই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তর করতে হবে। গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের সুযোগ এসেছে, তা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সম্ভাবনা সৃষ্টি করা কঠিন হলেও হারিয়ে যাওয়া খুবই সহজ। বর্তমান সময়ে যতটুকু সম্ভব করা দরকার, যাতে ভবিষ্যতেও এই পথ ধরে এগিয়ে যাওয়া যায় এবং দেশ কাঙ্ক্ষিত উন্নতির পথে এগিয়ে যেতে পারে।