এনআইডি সংশোধন আবেদনের নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 March, 2025, 1:59 pm
এনআইডি সংশোধন আবেদনের নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদনের নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ নির্দেশ দিয়েছেন, আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করতে হবে।

সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব। তার নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এর মধ্যে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

এছাড়া, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত জমা পড়েছে ৩ লাখ ২ হাজার ২৬৬টি নতুন আবেদন। এর মধ্যে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন ইতোমধ্যে নিষ্পন্ন হয়েছে, বাকিগুলো এখনো প্রক্রিয়াধীন। সব মিলিয়ে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য প্রতিদিন অসংখ্য নতুন আবেদন জমা পড়ছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।