ঈদের ছুটিতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিশু ও তার নানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 March, 2025, 2:30 pm
ঈদের ছুটিতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিশু ও তার নানা

ঈদের ছুটিতে নানার বাড়ি বেড়াতে আসা পাঁচ বছরের শিশু মুনতাহার ও তার নানা বাবুল সরদার ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। তারা দুজনেই ঈশ্বরদী-খুলনা রেলরুটের বাঘইল দোতালা সাঁকোর ওপরে এ দুর্ঘটনায় নিহত হন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মুনতাহার তার নানা বাবুল সরদারের সঙ্গে ট্রেন দেখতে বের হন। এসময় তারা সাঁকোর ওপর উঠলে একটি সান্টিং ট্রেনের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান বাবুল সরদার, আর মুনতাহারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মুনতাহার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের ইসমাইল হোসেনের কন্যা।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, নাতনিকে ট্রেন দেখাতে এসে সান্টিং ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।” এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।