রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বছর শেষে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 March, 2025, 10:55 am
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বছর শেষে

চলতি বছরের শেষের দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা সমাধান করা হয়েছে এবং বাংলাদেশ ঢাকার একটি অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পরিশোধ করেছে। তিনি আশা প্রকাশ করেন, বিদ্যুৎ কেন্দ্রটি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে রয়েছে রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, বাংলাদেশে রাশিয়ার গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কার্যক্রম এবং রাশিয়া থেকে বাংলাদেশে গম ও সার আমদানির পরিকল্পনা।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম ও সার আমদানি করবে এবং রাশিয়ার গ্যাজপ্রম দেশে সমুদ্র ও উপকূলীয় এলাকায় গ্যাস অনুসন্ধান কার্যক্রম পরিচালনার ব্যাপারে আগ্রহী।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, রাশিয়া আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে সেখানে অধ্যয়নরত দেখতে চায়। এছাড়া, রাশিয়া বাংলাদেশে আরও গম ও সার রপ্তানি করতে চায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফৌজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।