ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা নেই, পালিয়ে থাকা নেতাকর্মীদের ফেরানোর চুক্তি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 10 April, 2025, 6:29 pm
ভারতের সঙ্গে সংঘাতের আশঙ্কা নেই, পালিয়ে থাকা নেতাকর্মীদের ফেরানোর চুক্তি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের কোনও সংঘাতের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে একটি চুক্তি হয়েছে এবং সরকার তা বাস্তবায়নের চেষ্টা করছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। বিভিন্ন থানায় এখনো অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান আছে। এসব অস্ত্র উদ্ধার হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।