হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 22 April, 2025, 5:27 pm
হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করেন। একই সঙ্গে পরোয়ানা কার্যকরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ মামলাটি দায়ের করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরেই নানা অনিয়মে জড়িত ছিলেন পুলিশ কর্মকর্তা নাজমুল। সম্প্রতি তাকে ওএসডি করে বরিশালে বদলি করা হলেও সেখানে নিয়মিতভাবে কর্মস্থলে যোগ না দিয়ে ছুটিতে আসা-যাওয়া করছিলেন তিনি।

নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে অতীতে বিরোধী মত দমন, হয়রানি, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। তিনি সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে আওয়ামী সরকারের বিরুদ্ধাচরণকারী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেন। সরকারের সমালোচনা করলে অনেককে আটক, মামলা দিয়ে ভয় দেখানো ও জোর করে পোস্ট মুছে ফেলানোর মতো ঘটনাও ঘটান তিনি।

এছাড়াও অভিযোগ রয়েছে, সাংবাদিকরা যদি সরকারবিরোধী কোনো প্রতিবেদন করতেন বা নাজমুলের অপছন্দের ব্যক্তিদের নিয়ে রিপোর্ট প্রকাশ করতেন, তবে তাদের তুলে নিয়ে হুমকি দিতেন তিনি। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘শায়েস্তা করার’ ইচ্ছাও প্রকাশ করেছিলেন একসময়। তবে ৫ আগস্টের ঘটনার পর তিনি নিজেকে বিএনপিপন্থি হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।