পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 27 April, 2025, 1:06 pm
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল

কাল রোববার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালিত হবে, এমনটি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ফেসবুক পোস্টে জানানো হয়, পূর্বে ঘোষিত সব নির্দেশনা অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করা এবং হাইকোর্টের রায়ের ভিত্তিতে পদোন্নতি বাতিল করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাকটরদের নিয়োগ বাতিল করতে হবে।

২. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং মানসম্পন্ন চার বছর মেয়াদি কারিকুলাম চালু করতে হবে।

৩. উপসহকারী প্রকৌশলী থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য কমপক্ষে সরকারি প্রতিষ্ঠানে উপযুক্ত পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।

৪. কারিগরি সেক্টরের পরিচালক, সহকারী পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক সহ অন্যান্য পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে।

৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।

৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

বিগত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে চার লাখের বেশি পলিটেকনিক শিক্ষার্থী। স্মারকলিপি, মানববন্ধন, ক্লাস-পরীক্ষা বর্জন ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করা হয়েছে।