উপদেষ্টা ফাওজুল কবির খানের একান্ত সচিব হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 April, 2025, 1:21 pm
উপদেষ্টা ফাওজুল কবির খানের একান্ত সচিব হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে অব্যাহতি

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৬ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে। তবে বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

এ ব্যাপারে জারি করা প্রজ্ঞাপনে অব্যাহতির নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট উপদেষ্টার একান্ত সচিব হিসেবে নিয়োগ পান। সে সময় জানানো হয়েছিল, উপদেষ্টা যতদিন পদে থাকবেন বা ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন তিনি পিএস পদে বহাল থাকবেন।

এর আগে আরও দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, উপদেষ্টাদের একান্ত সচিব হিসেবে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়, যাদের নির্বাচন করা হয় সংশ্লিষ্ট উপদেষ্টার পছন্দ অনুযায়ী।