চলে গেলেন প্রখ্যাত মালয়ালম নির্মাতা শাজি এন করুণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 April, 2025, 4:15 pm
চলে গেলেন প্রখ্যাত মালয়ালম নির্মাতা শাজি এন করুণ

দীর্ঘদিন ক্যানসারে ভুগে না ফেরার দেশে চলে গেলেন মালয়ালম সিনেমার কিংবদন্তি নির্মাতা ও চিত্রগ্রাহক শাজি এন করুণ। সোমবার (২৮ এপ্রিল) তিরুবনন্তপুরমে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফিতে স্বর্ণপদকপ্রাপ্ত শাজি এন করুণ ১৯৭৫ সালে চিত্রগ্রাহক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে জি আরবিন্দান ও কে জি জর্জের মতো গুণী নির্মাতাদের সঙ্গে ‘থাম্পু’ ও ‘এসথাপ্পান’-এর মতো প্রশংসিত ছবিতে কাজ করেন তিনি।

পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৮৮ সালে ‘পিরাভি’ সিনেমার মাধ্যমে। ভারতের জরুরি অবস্থার সময় একজন নিখোঁজ ব্যক্তির সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি তাকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দেয়। ‘পিরাভি’ ছবিটি কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা ডি’অরসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

এরপর ১৯৯৪ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘স্বাহম’, যা কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পায় এবং স্বর্ণপামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তার তৃতীয় উল্লেখযোগ্য কাজ ‘বনপ্রস্থম’, যেখানে অভিনয় করেন মোহনলাল, সেটিও আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়।

শুধু নির্মাতা হিসেবেই নয়, কেরালার সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাজি এন করুণ। তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং মালয়ালম চলচ্চিত্রের অগ্রগতিতে অসামান্য অবদান রাখেন।

তার অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার ২০১১ সালে তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। পরিচালক, চিত্রগ্রাহক ও প্রযোজক হিসেবে তিনি সাতবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া, ১৯৯৯ সালে ফরাসি সরকার তাকে ‘অর্দ্র দে জ আর এ দে লেত্র’ সম্মানে ভূষিত করে।

শাজি এন করুণের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।