নারী কমিশনের প্রস্তাব স্ববিরোধী, মন্তব্য জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 May, 2025, 5:09 pm
নারী কমিশনের প্রস্তাব স্ববিরোধী, মন্তব্য জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবকে স্ববিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কমিশন নারী-পুরুষের সমান অধিকার দাবি করে, অথচ আবার নারীদের জন্য আলাদা কোটা দাবি করছে। তার ভাষায়, “অধিকার সমান হলে কোটার প্রয়োজন কেন?”

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরও বলেন, “নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। নারীবিষয়ক সংস্কার কমিশন ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।”

জামায়াত আমির নারীবিষয়ক কমিশনের প্রতিবেদনকে কুরআন ও হাদিসের বিরুদ্ধে বলে মন্তব্য করেন এবং প্রতিবেদনটি প্রত্যাখ্যান করার কথা বলেন। “কমিশনে যারা আছেন, তাদের প্রত্যাখ্যান করতে হবে,” বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ছোটবেলায় মক্তবে যেতাম, এখন পরিকল্পিতভাবে তা বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন, আর সেই পরিকল্পনাকারীরা নারীদের বিভ্রান্ত করছে।”

তিনি দাবি করেন, “কমিশন করতে হলে এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। আমরা এই সংস্কার কমিশনকে মানি না। যদি আমাদের বাধ্য করা হয়, তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলোর সঙ্গে করতে চাই। আমরা বার্তা দেব, আমাদের ভাগ ভাগ করে খেতে কেউ আর পারবে না।”