চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের প্রতি সতর্ক বার্তা মির্জা ফখরুলের

দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানিয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন সকাল সাড়ে ১০টায়।

খালেদা জিয়ার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথজুড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাবেন। এতে করে ওইসব সড়কে বড় ধরনের জনসমাগম এবং যানজটের আশঙ্কাও রয়েছে।

এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একই দিনে সকালবেলায় এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রের উদ্দেশে রওনা হবে। তাই নেতাকর্মীদের প্রতি অনুরোধ, তারা যেন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে না নেমে ফুটপাতে অবস্থান নেন।

তিনি আরও অনুরোধ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কাউকে সড়কে নামতে না দেয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। খালেদা জিয়ার দেশে ফেরাকে ঘিরে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেই সচেতনতাও বার্তায় তুলে ধরেন মির্জা ফখরুল।