তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, ভবন কেঁপে ওঠে রাজধানী তাইপেতে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 5 May, 2025, 7:07 pm
তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, ভবন কেঁপে ওঠে রাজধানী তাইপেতে

তাইওয়ানের পূর্ব উপকূলে সমুদ্রের নিচে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। সোমবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে হুয়ালিয়েন কাউন্টির উপকূলে এই ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ)।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ৬.৬ কিলোমিটার। ভূমিকম্পের ২০ মিনিটের মধ্যে পাঁচটি ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

রয়টার্সের বরাতে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হালকা কম্পনে নাগরিকদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়।

তাইওয়ানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হলেও হুয়ালিয়েন অঞ্চলটি অতীতে বেশ কয়েকবার বড় ধরনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সতর্ক নজর রাখছে এবং জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।