ভারত থেকে বাংলাদেশে পুশইন ‘গ্রহণযোগ্য নয়’—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 7 May, 2025, 5:38 pm
ভারত থেকে বাংলাদেশে পুশইন ‘গ্রহণযোগ্য নয়’—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানো (পুশইন) কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

৭ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। যদি তারা প্রকৃত বাংলাদেশি হয়, তাহলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় বিষয়টি জানাতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

তিনি জানান, এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে এবং দিল্লিকে অবহিত করা হয়েছে। যদি কেউ প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, তবে কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনা যেতে পারে।

সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে বিএসএফ ১০ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজিবিকে আটকরা জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।