মির্জা আব্বাস: অন্তর্বর্তী সরকার আস্থার প্রতীক ছিল, এখন তা ব্যর্থতায় পরিণত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 28 May, 2025, 4:40 pm
মির্জা আব্বাস: অন্তর্বর্তী সরকার আস্থার প্রতীক ছিল, এখন তা ব্যর্থতায় পরিণত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকার একসময় ছিল সাধারণ মানুষের আস্থার প্রতীক, কিন্তু এখন তা জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন, এই সরকারের বেশিরভাগ উপদেষ্টাই বাংলাদেশের নাগরিক নন, ফলে তারা জনগণের সাথে সম্পৃক্ত নন এবং সংস্কারের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন, তা বাস্তবায়নে সম্পূর্ণ অক্ষম। নয় মাসেও কোনো সংস্কার করতে না পারা সরকার নয় বছরে তা পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। এই সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক এ কর্মসূচিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ ও ফরিদপুর অঞ্চলের নেতাকর্মীরা অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারের অভ্যন্তরে পচন ধরেছে, মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত দুর্নীতি ও চাঁদাবাজির বিস্তার ঘটেছে। তিনি বলেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে চাঁদাবাজি করছে, এদের প্রতিহত করতে হবে। পাশাপাশি, সেন্টমার্টিন, করিডোর, দ্বিতীয় ওয়ার্ল্ড, স্টারলিংকের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সরকার যা করছে তা মানুষ বুঝতে পারছে না বলে ভাবার কোনো কারণ নেই। দেশের জনগণ এসব বুঝে এবং প্রশ্ন তুলতে জানে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, কারণ যারা কথিত সংস্কারের কথা বলছে, তারাই জনগণের কণ্ঠ রোধ করতে তৎপর। সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না, এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।