আড়াইহাজারে এক রাতে সাত বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 29 May, 2025, 3:45 pm
আড়াইহাজারে এক রাতে সাত বাড়িতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী সরকার বাড়ি এলাকায় এক রাতে সাতটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে সংঘটিত এই গণডাকাতিতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ২০–২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জুলহাস, বিল্লাল, সুমন, নাঈম, শাহিন, হানিফা ও শহীদের বাড়িতে হানা দেয়। তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।

ডাকাতরা হানিফার ঘর থেকে প্রায় ৫ লাখ টাকা এবং অন্য একটি ঘর থেকে ২৮ হাজার টাকা লুট করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। বাকি ঘরগুলো থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও মালামাল লুটপাট হয়েছে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত করে লুটকৃত মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”

এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।