কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে, নিহত ১, আহত ৩
চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি সিগন্যাল উপেক্ষা করে সেতুর ওপর উঠে যায়। একই সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে সেতু অতিক্রম করছিল। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে থাকা কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে।
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে।”
জানা গেছে, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে যাত্রা শুরু করে এবং সেতুতে ওঠার আগে যথাযথভাবে সিগন্যাল দেওয়া হয়।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ হিসেবে সিগন্যাল না মানার বিষয়টি গুরুত্ব পাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন