জুলাই সনদের বাস্তবায়নে অগ্রগতি হলে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি
আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এ ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শর্তসাপেক্ষে সম্মতি জানিয়েছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং কাঙ্ক্ষিত সংস্কারের কার্যকর বাস্তবায়ন হয়, তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই।
শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রতিক্রিয়ায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “আমরা প্রত্যাশা করেছিলাম, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে নির্বাচন নিয়ে স্পষ্ট অবস্থান জানাবে অন্তর্বর্তী সরকার। যদিও তা এখনো সম্পূর্ণ হয়নি, তবু যদি ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়, তাহলে আমাদের আপত্তির কোনো জায়গা থাকবে না।”
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল এনসিপি এর আগেও একযোগে জাতীয় ও গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করে আসছে। এনসিপির রাজনৈতিক অবস্থানে বরাবরই আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারকে প্রধান এজেন্ডা হিসেবে দেখা গেছে। সুতরাং, এসব দাবির বাস্তবায়ন ছাড়া নির্বাচন নিয়ে তারা কোনো চূড়ান্ত অবস্থানে যাচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন