ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কার—বাঞ্ছারামপুরে যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
ডাকাতি প্রতিরোধে ঝোপঝাড় পরিষ্কার—বাঞ্ছারামপুরে যুবদলের ব্যতিক্রমী উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে হোমনা সড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ রোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা যুবদল। সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের এই কর্মযজ্ঞে অংশ নেন যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে যুবদল নেতা গিয়াস উদ্দিনের নেতৃত্বে বটতলী থেকে উজানচর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা।

উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা এবং অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এই সড়কে ডাকাতদল ঝোপঝাড়ে লুকিয়ে থেকে যাত্রীবাহী যানবাহন থামিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি মারধরের ঘটনাও ঘটে। এ অবস্থায় ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারে এই ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

সিএনজি চালক আবু তাহের বলেন, “রাতের বেলায় এই রাস্তায় গাড়ি চালানো ভয়ঙ্কর। ঝোপে লুকিয়ে থেকে ডাকাতরা গাড়ি থামিয়ে লুটপাট চালায়। এখন ঝোপঝাড় পরিষ্কার হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে।”

যুবদল নেতা গিয়াস উদ্দিন বলেন, “আমরা চাই প্রশাসন ও সাধারণ মানুষের পাশে থাকতে। ঈদ উপলক্ষে যাতে সবাই নিরাপদে চলাচল করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ।”

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, “এই উদ্যোগের জন্য আমরা যুবদল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এমন সামাজিক কাজে যারা এগিয়ে আসবে, পুলিশ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”

উল্লেখ্য, পুরো কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম চলবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে যুবদল নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।