ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা: যানজট, বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় চরম দুর্ভোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা: যানজট, বাস সংকট ও অতিরিক্ত ভাড়ায় চরম দুর্ভোগ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়ার মহাস্রোত নেমেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। বৃহস্পতিবার রাত গভীর হলেও যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। যানজট, বাস সংকট ও অতিরিক্ত ভাড়ার কবলে পড়ে শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

রাত সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা গেছে—উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী, স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট ও গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে দীর্ঘ যানজট। দূরপাল্লার বাস না পেয়ে অনেক যাত্রী ছুটছেন সিটিবাস, মিনিবাস কিংবা পিকআপের দিকে। কেউ রাস্তায় দাঁড়িয়ে, কেউ স্যুটকেসে বসে, আবার কেউ হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যের উদ্দেশ্যে।

পরিবার নিয়ে রাস্তায় অপেক্ষমাণ যাত্রীদের মুখে ছিল হতাশা আর ক্লান্তি। কোলে সন্তান নিয়ে বসে থাকা মায়েদের চোখে উদ্বেগ, আর ক্লান্ত-বিরক্ত যাত্রীরা যেন শুধুই একটি যানবাহনের আশায় অপেক্ষমাণ।

বাস না পেয়ে কেউ কেউ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ বাহন—পিকআপ, ট্রাক কিংবা কাভার্ডভ্যানে চেপে রওনা হচ্ছেন বাড়ির পথে। এসব যানবাহনে উঠতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া—যেখানে আগে ২০০ টাকায় যাওয়া যেত, এখন গুনতে হচ্ছে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত।

নাঈমুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, “এই যানজট ও ভোগান্তি পুলিশের অদক্ষতা আর সমন্বয়হীনতার প্রমাণ। মানুষ রাস্তায় বসে থাকে, পিকআপে চড়ে বাড়ি ফেরে—এটা কোনো উৎসবের প্রস্তুতির নমুনা হতে পারে না।”
রবিউল ইসলাম বলেন, “ঈদে বাড়ি ফেরা আনন্দের বিষয়, কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধ। এত দুর্ভোগের মধ্যে কীভাবে ঈদের আনন্দ উপভোগ করব?”

টঙ্গী, গাজীপুর ও উত্তরা এলাকায় স্বল্প দূরত্বের ভাড়াও বেড়েছে কয়েকগুণ। চালকদের বিরুদ্ধে দ্বিগুণ বা তার চেয়েও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক ট্রাফিক কর্মকর্তা জানান, “সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ যানবাহন চলছে। সবাই আজকেই ঢাকা ছাড়তে চাইছেন, ফলে চাপ বেড়েছে।”

যানজট, বাস সংকট, অতিরিক্ত ভাড়া ও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে এবারের ঈদযাত্রা হয়ে উঠেছে দুর্ভোগময়। যাত্রীরা দাবি করেছেন—প্রতিবারের মতো এবারও একই চিত্র দেখা যাচ্ছে, তাই ঈদের মতো বড় উৎসব সামনে রেখে আগেভাগেই কার্যকর পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছেন।