নির্বাচনের তারিখে বিলম্বে হতাশা প্রকাশ বিএনপি নেতার
জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণে বিলম্বে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা তার দীর্ঘ ভাষণে সরকারের কৃতিত্ব, কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ করণীয়ের কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি তিনি ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করেন। তবে এই ঘোষণায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা প্রতিফলিত হয়নি।
তিনি জানান, দেশের পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল। বিএনপিও বারবার যৌক্তিকভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে। অথচ তা আমলে না নিয়ে এমন একটি সময় নির্ধারণ করা হয়েছে, যখন পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আবহাওয়াগত অসুবিধাও থাকে। তদুপরি, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নির্বাচনের ক্যাম্পেইন রমজানেই করতে হবে যা অযৌক্তিক ও কঠিন।
তিনি আরও বলেন, যদি ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতো, তবে তা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। অন্তত এতটা বিলম্ব না করে যদি নির্বাচন জানুয়ারির মধ্যে হতো, তাহলে তা দেশের রাজনৈতিক বাস্তবতা ও জনমতের প্রতি সম্মান দেখানো হতো।


আপনার মতামত লিখুন