নির্বাচনের সময় ঘোষণায় সন্তোষ প্রকাশ জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
নির্বাচনের সময় ঘোষণায় সন্তোষ প্রকাশ জামায়াত আমিরের

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের সুনির্দিষ্ট ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠানের যে ঘোষণা দিয়েছেন, তাতে জাতি আশ্বস্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ঘোষিত সময়সীমার মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার, বিচার ও নির্বাচন— এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হবে বলে জাতি আশাবাদী।