প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন চরমোনাই পীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন চরমোনাই পীর

নির্বাচনের সময়সূচি ঘোষণা এবং রাষ্ট্র সংস্কারে সরকারের উদ্যোগ তুলে ধরায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা তৈরি হয়েছিল, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা করে তা প্রশমিত করায় আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও বন্দর ও মানবিক করিডোর সংক্রান্ত বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জাতিকে স্বস্তি দিয়েছে।

চরমোনাই পীর জানান, রাষ্ট্র সংস্কারই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য, যা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। সেই সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির বিবরণ শুনে তারা আশাবাদী হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার সব বাধা উপেক্ষা করে সংস্কারের কাজ সম্পন্ন করবে। বিচারিক অগ্রগতির বিষয়েও প্রধান উপদেষ্টার বক্তব্য জাতিকে আশ্বস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কোরবানির চামড়া, যা গরিবদের হক, তা নিয়ে আগের সরকার যে জালিয়াতি করেছে তা নিন্দনীয়। তবে বর্তমান সরকার যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। হজ ব্যবস্থাপনায় গৃহীত উদ্যোগের সুফলও জাতি পেয়েছে বলে জানান তিনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা ও অর্থনৈতিক সংস্কারের প্রয়াসকেও তিনি সাধুবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যথার্থই বলেছেন— দেশ এক ধরনের যুদ্ধাবস্থায় আছে। বহুমুখী চক্রান্ত ও অপপ্রচারে দেশ জর্জরিত। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা করা দেশের স্বার্থেই জরুরি। নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা দূর হয়েছে। এখন প্রয়োজন সংস্কার ও বিচারে সম্মিলিত প্রয়াস। ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের মতোই সেই আহ্বানে সাড়া দেবে।