ময়মনসিংহে বাস-মসজিদে ধাক্কা: বাবা-ছেলের করুণ মৃত্যু, আহত ১২
ময়মনসিংহের তারাকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে ধাক্কা দিলে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার ছেলে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের তালদিঘি ফকির বাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার বাসিন্দা পারভেজ মিয়া (৩৫) এবং তার আট বছর বয়সী ছেলে হাসান মিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শেরপুরের দিকে যাচ্ছিল। তালদিঘি ফকির বাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি সরাসরি সড়কের পাশে থাকা একটি মসজিদের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনাস্থলেই পারভেজ মিয়া ও তার ছেলে হাসান মিয়া মারা যান। এ ঘটনায় আরও ১২ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. টিপু সুলতান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন