দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 7 June, 2025, 5:31 pm
দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে দেশের মঙ্গল কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেন তিনি। নামাজ শেষে তিনি বলেন, “সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।”

ঈদের এই জামাতে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
এই মিলনমেলায় ছিল ঈদের সৌহার্দ্য ও একতাবোধের এক অপূর্ব বহিঃপ্রকাশ।