ইরানে ইন্টারনেট বন্ধের পর ইলন মাস্ক চালু করলেন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 15 June, 2025, 6:39 pm
ইরানে ইন্টারনেট বন্ধের পর ইলন মাস্ক চালু করলেন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট

মার্কিন ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, ইরান সরকার যখন স্থলভিত্তিক ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল, তখন তিনি উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক সেখানে চালু করেছেন। শনিবার সকালে মাইক্রোব্লগিং সাইট এক্সে ইলন মাস্ক লিখেছেন, “The beams are on,” অর্থাৎ “সংযোগ চালু হয়েছে।”

ইরান সরকার শুক্রবার সকালে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ আন্তর্জাতিক সংবাদ ও তথ্যের উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ইলন মাস্কের স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিকল্প ইন্টারনেট সংযোগ চালু করা হয়, যা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা হাজার হাজার উপগ্রহের মাধ্যমে দূরবর্তী বা সংযোগ বিচ্ছিন্ন এলাকায় ইন্টারনেট সরবরাহ করে।

এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা তেহরানে তীব্র উত্তেজনার সৃষ্টি করে। মার্কিন রক্ষণশীল টকশো সঞ্চালক মার্ক লেভিন স্টারলিংক চালু করার আহ্বান জানিয়ে বলেন, এটি ইরানি শাসনের ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দেবে।

এই হামলা ইরানের শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সম্ভাবনা তৈরি করতে পারে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরকারি সূত্রে ধারণা করা হচ্ছে। এ কারণে ইরান সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।