রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো: অধ্যাপক আলী রিয়াজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 21 June, 2025, 4:15 pm
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো: অধ্যাপক আলী রিয়াজ

রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এখনো চূড়ান্ত না হলেও প্রচলিত বিধান পরিবর্তনের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংলাপে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে এবং এতে একটি বিষয় স্পষ্ট— দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তিনি জানান, সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের ব্যাপারে সব রাজনৈতিক দল সম্মত হয়েছে। তবে এর নির্দিষ্ট কাঠামো ও প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা প্রয়োজন।

তিনি আরও বলেন, “আলোচনার পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তারা রাষ্ট্রপতি নির্বাচনের বর্তমান ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মনে করছে।”

সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদকাল সম্পর্কেও আলোচনা হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ বলেন, “একই ব্যক্তি যেন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকতে পারেন— এই প্রস্তাব কয়েকটি দল ইতিবাচকভাবে নিয়েছে।” অন্যান্য প্রস্তাবও আলোচনায় এসেছে এবং আগামী রোববার সকাল সাড়ে ১০টায় পরবর্তী সংলাপে অসম্পূর্ণ ও বিতর্কিত বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হবে।

দ্বিকক্ষ সংসদ ব্যবস্থার বিষয়ে তিনি জানান, অধিকাংশ দল এ ব্যবস্থার পক্ষে মত দিয়েছে এবং উচ্চকক্ষে ১০০ সদস্য রাখার প্রস্তাবও এসেছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

সংলাপে যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না, সে প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, “আমরা আশাবাদী যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য অর্জন সম্ভব হবে। আর যেগুলোতে একমত হওয়া সম্ভব হবে না, সেগুলোকেও আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নেওয়া হবে।”