ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে: ট্রাম্পের আশঙ্কা
ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাস ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং তিনি আশাবাদী যে আগামী সপ্তাহেই একটি চুক্তি হতে পারে। খবর আল জাজিরার।
ট্রাম্প বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে’ পিছিয়ে গেছে। তবে তেহরান যে নতুন স্থানে এই কর্মসূচি আবারও চালু করতে পারে— সে আশঙ্কাও প্রকাশ করেন তিনি। তিনি আরও দাবি করেন, ইরান এখনও তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও রাজি হয়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল এক সংবাদ সম্মেলনে জানান, সাম্প্রতিক হামলার মাধ্যমে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এবং এতে দেশটির পারমাণবিক কার্যক্রম অন্তত এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে। পারনেলের ভাষায়, “গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, কর্মসূচিটি কার্যকরভাবে থমকে গেছে।”
তবে ট্রাম্প নিজ বক্তব্যে একাধিকবার দাবি করেছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হয়েছে। যদিও কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদন ভিন্নচিত্র তুলে ধরে। ওই প্রতিবেদনে বলা হয়, মূল উপাদানগুলো অক্ষত থাকায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি বরং কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছে মাত্র।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ইরানের সম্ভাব্য নতুন পারমাণবিক স্থাপনা এবং হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা ঘিরে আগামী সপ্তাহগুলোতে বড় কূটনৈতিক অগ্রগতি কিংবা সংঘাত—উভয়ের আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


আপনার মতামত লিখুন