ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল: ট্রাম্পের ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
ফিলিস্তিনের গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল: ট্রাম্পের ঘোষণা

ফিলিস্তিনের গাজায় চলমান উত্তেজনার মধ্যেই দখলদার ইসরায়েল ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে সব পক্ষের সঙ্গে কাজ করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের চেষ্টা করা হবে।

বুধবার (২ জুলাই) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করতে ইসরায়েল প্রয়োজনীয় শর্তে রাজি হয়েছে। এই সময়ে আমরা স্থায়ী শান্তির জন্য সব পক্ষের সঙ্গে কাজ করব।” তিনি আরও বলেন, “কাতারি ও মিসরীয়রা শান্তি আনয়নে অনেক কষ্ট করেছে এবং তারা চূড়ান্ত প্রস্তাব দেবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের মঙ্গলের জন্য হামাস এই চুক্তি গ্রহণ করবে, কারণ এটা ছাড়া পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প দুই পক্ষকেই সন্তুষ্ট রাখতে স্থায়ী শান্তির জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আরব মধ্যস্থতাকারী দেশগুলো এখনো যুদ্ধবিরতির বিভিন্ন শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দূর করার চেষ্টা করছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমাদের সামনে শান্তির সুযোগ রয়েছে। জেরুজালেম চুক্তির উচ্চাকাঙ্ক্ষার প্রতিধ্বনি করছে। আমরা মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতার জন্য আমাদের সৈন্য ও নাগরিকদের রক্ত দিয়েছি। আমরা আব্রাহাম চুক্তির আওতায় শান্তি ও স্বাভাবিকীকরণের বৃত্ত সম্প্রসারিত করতে আগ্রহী, এবং প্রতিবেশী সিরিয়া ও লেবাননকেও এতে যুক্ত করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের নিরাপত্তা স্বার্থ রক্ষা করব।”

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ইসরায়েল ও হামাসের মধ্যে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা চলে আসছিল। এই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। তবে আলোচনা দীর্ঘদিন আটকে ছিল, কারণ ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতির পরও গাজায় পুনরায় হামলা চালানোর অধিকার দাবি করেছিল। হামাস জানিয়েছে, যতক্ষণ তাদের স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না দেওয়া হবে, ততক্ষণ তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না।