ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৩৪, আহত ৩৫
ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (১ জুলাই) ঘটেছে, যা সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
স্থানীয় জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় এই বিস্ফোরণের ঘটনায় চারজন নিহতের পরিচয় নিশ্চিত হয়েছে, বাকি ২৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্ফোরণের ফলে কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়ে যায় এবং কালো ধোঁয়া বের হতে থাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য মন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৯০ জন কর্মী কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।
বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলঙ্গানার কংগ্রেস সরকারকে ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানিয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত ও রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন