যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলো
যুক্তরাষ্ট্র সোমবার সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে। এ বিষয়ে আল জাজিরা জানিয়েছে, মার্কিন অর্থবিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার উন্নয়ন, সরকারের কার্যক্রম এবং সামাজিক কাঠামো পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
গত মে মাসে মধ্যপ্রাচ্যের সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অঙ্গীকার করেন এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা’র সঙ্গে বৈঠকও করেন। উল্লেখ্য, দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের এর আগের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০০ সালে।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ সিরিয়াকে সমর্থন করবে, যা তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকবে এবং সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল হবে না। তিনি আরও বলেন, এটি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধিকে সমর্থন করবে।
তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, সিরিয়ার বিরুদ্ধে আইএসআইএল, ইরান এবং তার মিত্রদের সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো বহাল থাকবে। মার্কিন ট্রেজারি জানিয়েছে, ইতিমধ্যে সিরিয়ার ৫১৮ জন, প্রতিষ্ঠান ও সংগঠনকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যদিও কিছু নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার নাও হতে পারে।


আপনার মতামত লিখুন