তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষ নাগাদ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 15 July, 2025, 5:59 pm
তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষ নাগাদ: উপদেষ্টা রিজওয়ানা হাসান

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। ইতোমধ্যেই মাঠ পর্যায়ের সব কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগের বিষয়। তাই এর বাস্তবায়নের জন্য দুই দেশের সম্মতি প্রয়োজন। তিনি জানান, এই কয়েক মাসে পরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে এবং ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রকল্পের মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে।

এরপর প্রস্তাবনাটি সরকারে উপস্থাপন করা হবে এবং পরে ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) এর মাধ্যমে তা চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানান উপদেষ্টা।

পরে সৈয়দা রিজওয়ানা হাসান সড়কপথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ পরিবেশ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।