পুলিশ কর্মকর্তাদের মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার নির্দেশনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 29 July, 2025, 9:41 am
পুলিশ কর্মকর্তাদের মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকার নির্দেশনা

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ পুলিশে কর্মরত কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কিছু পুলিশ সদস্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস সময়ের মধ্যে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন ধরনের তদবির করেন, যা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য বিব্রতকর ও সরকারি কাজের ব্যাঘাত সৃষ্টি করছে। এসব কার্যকলাপ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো উল্লেখ করা হয়েছে, পুলিশ অধিদপ্তর থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ মুহূর্তে পত্র পাঠানো হয় এবং পত্রের বিষয়ে পদক্ষেপের পূর্বেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন উপায়ে যোগাযোগ করেন, যা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি করে। কিছু পত্র অসম্পূর্ণ ও অননুমোদিত বিভাগ বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের কারণে মন্ত্রণালয়ের কার্যক্রমে বিঘ্ন ঘটে।

অতএব, নিম্নোক্ত জরুরি নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে—

  • নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
  • পদোন্নতি বা অন্যান্য বিষয়ে মন্ত্রণালয়ে অপ্রয়োজনীয় তদবির বন্ধ করতে হবে।
  • সময়মতো সম্পূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে হবে।
  • বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রেরণ করতে হবে।
  • চিকিৎসাজনিত বহিঃবাংলাদেশ ছুটির ক্ষেত্রে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের প্রত্যয়ন ও প্রতিবেদন যাচাই করতে হবে।
  • আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ‘রুলস অব বিজনেস’ অনুসরণ করতে হবে।
  • প্রত্যেক কর্মকর্তা নিজ নিজ জেমস (GEMS) আইডিতে নিয়মিত লগইন করে তথ্য হালনাগাদ করবেন।

মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।