পাবনার সাংবাদিকতায় উজ্জ্বল এক নাম—শফিউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 August, 2025, 7:48 pm
পাবনার সাংবাদিকতায় উজ্জ্বল এক নাম—শফিউর রহমান খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

পাবনার সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল ও অবিস্মরণীয় নাম শফিউর রহমান খান। আজ, ৩১ জুলাই, তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী। সততা, নির্ভীকতা ও মানবিক মূল্যবোধের অনন্য প্রতীক হিসেবে তিনি সাংবাদিকতার জগতে নিজস্ব এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর লেখনী ছিল সত্যনিষ্ঠ, তিনি কখনো মিথ্যার আশ্রয় নেননি কিংবা অন্যায়ের সঙ্গে আপস করেননি।

এ দিনটি উপলক্ষে পাবনা প্রেসক্লাব, তাঁর পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংবাদিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাভরে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল ১১টায় ইছামতি কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে পাবনা প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভা ও দৈনিক সিনসা’র উদ্যোগে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে।

এস. আর. খান নামে লেখালেখি করা শফিউর রহমান খান ১৯৫৩-৫৮ সালে দৈনিক ইত্তেহাদ-এর ফরিদপুর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি মিল্লাত, সংবাদ, আওয়াজসহ একাধিক জাতীয় পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেন। ১৯৭৪ সালে পাবনা পত্রিকা প্রকাশ করে তিনি জেলার সংবাদপত্র আন্দোলনের পথিকৃত হিসেবে আবির্ভূত হন। একই বছরে তিনি ‘আমাদের কথা’ সাপ্তাহিকের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বও পালন করেন।

সাংবাদিকতায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যমুনা সাহিত্য পুরস্কার (১৯৮৪), ভাস্কর উপাধি (১৯৯২) এবং উত্তরণ পুরস্কার (১৯৯৪) লাভ করেন।

শফিউর রহমান খান ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (পাবনা), আঞ্জুমান মফিদুল ইসলাম (পাবনা), ভাসানী স্মৃতি পরিষদ, বাংলাদেশ এডিটরস ফোরাম ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত। পাবনার সাংবাদিকতা আন্দোলন ও বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি ছিলেন নিবিড়ভাবে জড়িত।

পাবনায় প্রথম সংবাদপত্র প্রকাশ করে তিনি জেলা সাংবাদিকতার ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছেন। বর্তমান প্রজন্মের বহু সাংবাদিক তাঁর হাতে-খড়ি নিয়েছেন, যারা আজও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত রয়েছেন।

শফিউর রহমান খানের সততা, আদর্শ ও দায়িত্ববোধ আজও পাবনার সাংবাদিক সমাজের জন্য এক অমলিন অনুপ্রেরণার উৎস হয়ে আছে।